ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন খাতের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা চলছে।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারও বৈঠকে অংশ নিয়েছেন।
বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, যানজট কমানো এবং গণপরিবহন খাতে বিদ্যমান নানা সমস্যা ও বিশৃঙ্খলা দূর করার বিষয়ে আলোচনা হচ্ছে।
এর আগে গত আগস্টে ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী একাধিক নির্দেশনা দিয়েছিলেন। এর মধ্যে গণপরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ও ছিল।
সাম্প্রতিক বৈঠকটি রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার চলমান উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

