সোমবার, ৫ অক্টোবর ২০২৬

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বাংলাদেশ কংগ্রেসের মিডিয়া ব্রিফিং

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের ভবিষ্যৎ, নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার ও জাতীয় ঐক্যসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীতে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করেছে বাংলাদেশ কংগ্রেস।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে এ মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে দলের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন দেশের সাম্প্রতিক জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরবেন।

বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, জনগণের ভোটাধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহনশীলতার পরিবেশ নিয়ে দলটি দীর্ঘদিন ধরে মতামত দিয়ে আসছে। বর্তমান প্রেক্ষাপটে এসব বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতেই এ মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

দলটির নেতারা মনে করেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সংলাপ, সহমত ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি।

মিডিয়া ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও জাতীয় উন্নয়ন বিষয়ে দলের ভবিষ্যৎ কর্মসূচি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে বলে জানিয়েছে দলটি।

বাংলাদেশ কংগ্রেসের ‘সুষ্ঠু ধারার রাজনীতি’ মূলনীতিকে সামনে রেখে আয়োজিত এ ব্রিফিংকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। এতে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক পর্যবেক্ষক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন