অনুসরণ করুন:
শনিবার, ৩ অক্টোবর ২০২৬

জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে জামায়াত: বুলবুল

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মহানগরী দক্ষিণের কার্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী আদর্শিক রাজনৈতিক দলের ভূমিকার পাশাপাশি সংসদের প্রধান বিরোধীদল হিসেবে জনগণের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছে। তাঁর অভিযোগ, সরকার সংসদীয় ভাষা বুঝছে না বলেই সংসদে জনগণের দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ কারণে সংসদের পাশাপাশি রাজপথেও গণমানুষের অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জনগণের অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ভূমিকা অব্যাহত রাখবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে তারা মনে করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

দ্রব্যমূল্য প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দ্রব্যমূল্য আরও বেড়ে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে তেলের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হলেও তাঁর দাবি, দেশের অভ্যন্তরে সিন্ডিকেট, দুর্নীতি ও অব্যবস্থাপনাও দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ।

তিনি আরও অভিযোগ করেন, পে-স্কেল বাস্তবায়নের আগে তেলের দাম বাড়ানো, বিদ্যুতের অতিরিক্ত বিলসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের ওপর আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর ভাষ্য, এসব কারণে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে চাপে পড়ছে।

রাজনৈতিক প্রসঙ্গে নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের রায় ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মনে করেন। বিএনপির সংখ্যাগরিষ্ঠতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। জনগণের বিপক্ষে গিয়ে কোনো একক আধিপত্যও টেকসই হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশটি পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

এ ছাড়া মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, মাওলানা ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, মাওলানা মোশাররফ হোসেন, ডা. আতিয়ার রহমান, শেখ শরিফ উদ্দিন আহমদ, ড. মোবারক হোসাইন, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, মো. শহিদুল ইসলাম, আবদুল হাই, শাহীন আহমেদ খান ও মাওলানা শরিফুল ইসলামসহ বিভিন্ন থানা ও বিভাগীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন