শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তীর রক্ষা কাজে অনিয়ম হলে টেন্ডার বাতিল, ঠিকাদার হবে কালো তালিকাভুক্ত: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে জিওব্যাগে তীর সংরক্ষণ শুরু, স্থায়ী সুরক্ষায় নেওয়া হয়েছে ৩০০ কোটি টাকার নতুন প্রকল্প

নদী ও খালের তীর রক্ষা প্রকল্পে অনিয়ম কিংবা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারের টেন্ডার বাতিলের পাশাপাশি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর শহীদ মাজহারুল মুনির উচ্চ বিদ্যালয়ে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।

বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্টের আওতায় এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ সততা ও গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। কাজে কোনো অনিয়ম-দুর্নীতি যাতে না হয়, সে জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

এ্যানি বলেন, রহমতখালী ও ওয়াপদা খালের পানির চাপ এবং তীরভাঙনের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্ষা ও বন্যার সময় জলাবদ্ধতায় অনেক বাড়িঘর ও উঠানে পানি জমে যায়। এ সমস্যা মোকাবিলায় স্যান্ড-সিমেন্ট-জিওব্যাগ পদ্ধতিতে তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে।

প্রকল্পের আওতায় বালু ও সিমেন্ট দিয়ে তৈরি জিওব্যাগ খালের পাড়ের নিচ থেকে ওপর পর্যন্ত স্থাপন করা হবে। পানির চাপ সামলে তীরভাঙন ঠেকাতে এ পদ্ধতি কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

তার প্রত্যাশা, এ কাজ সম্পন্ন হলে আগামী ২০ থেকে ৩০ বছর সংশ্লিষ্ট এলাকার মানুষ ভাঙনের ঝুঁকি থেকে সুরক্ষা পাবেন।

দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আরও বড় প্রকল্প নেওয়ার কথাও জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার পর মান্দারী ও দিঘলী থেকে মজুচৌধুরীর হাট পর্যন্ত প্রয়োজনীয় এলাকায় ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ী তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বি-স্ট্রং প্রকল্পের পরিচালক মোহাম্মদ সামিউল হক, ফেনী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাহিদ উজ জামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন