নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং জাপানে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে ‘জাপান ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ফিতা কেটে ডেস্কটির উদ্বোধন করেন। তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করবে। টেকসই প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের রপ্তানি বাজার বহুমুখীকরণের ওপরও গুরুত্ব দেন তিনি।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে জাপানে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে। তবে দেশটির বিশাল বাজারে বাংলাদেশের অংশ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
তিনি জানান, জাপানি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের সরাসরি যোগাযোগ, বাজারসংক্রান্ত তথ্য সরবরাহ এবং ব্যবসায়িক সমস্যা দ্রুত সমাধানে জাপান ডেস্ক কাজ করবে। ডেস্কটিতে জাপানি ও ইংরেজি ভাষায় দক্ষ তিন কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
বিজিএমইএ সভাপতি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকার তৃতীয় টার্মিনাল, চট্টগ্রাম-জাপান সরাসরি শিপিং এবং ঢাকা-নারিতা বিমান যোগাযোগ কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
জাপান কমিটির উপদেষ্টা ও ফরুশিমা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব বলেন, জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে জাপান ডেস্ক। ছোট ও মাঝারি অর্ডার ব্যবস্থাপনা, বিনিয়োগ সহজীকরণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়াতেও এটি সহায়তা করবে।
অনুষ্ঠানে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতি, কর্মপরিবেশ ও কমপ্লায়েন্স ব্যবস্থার প্রশংসা করেন। তারা আশা করেন, নতুন এ উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদার করবে।

