রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ তথ্য সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
আনসার বাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাঁদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা বুঝতে পারেন যে সংশ্লিষ্ট ব্যক্তিরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, আনসার সদস্য নন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ওই ঘটনার সঙ্গে আনসার সদস্যদের সম্পৃক্ততার কোনো বিষয় নেই বলে দাবি করেছে বাহিনীটি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কোনো আনসার সদস্য জড়িত ছিলেন না। প্রকৃত তথ্য যাচাই না করে এ ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এবং এতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবাইকে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।

