সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেট্রোরেল স্টেশনে হারানো মোবাইল প্রবাসীর কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্য

ঢাকার বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন কর্তব্যরত এক আনসার সদস্য। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্টেশনের প্ল্যাটফর্ম-২ থেকে ফোনটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে বি-শিফটে শিফট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন এপিসি মো. কাজিম মিয়া। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে প্ল্যাটফর্ম-২ পরিদর্শনের সময় যাত্রীদের বসার স্থানে একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন তিনি।

আশপাশে কোনো যাত্রী না থাকায় ফোনটি কেউ অসাবধানতাবশত ফেলে গেছেন বলে ধারণা করেন কাজিম মিয়া। পরে তিনি ফোনটি উদ্ধার করে নিরাপদে স্টেশন কন্ট্রোলারের কক্ষে জমা দেন।

কিছুক্ষণ পর সেলিম মিয়া নামে এক ব্যক্তি স্টেশন কর্তৃপক্ষের কাছে এসে জানান, তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। মেট্রোরেলে যাতায়াতের সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে গেছে।

পরে সেলিম মিয়াকে স্টেশন কন্ট্রোলারের কক্ষে নেওয়া হলে প্রয়োজনীয় যাচাইয়ের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোনটির মালিকানা নিশ্চিত করা হয়। এরপর ফোনটি যথাযথভাবে তাঁর কাছে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সেলিম মিয়া এপিসি মো. কাজিম মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন