সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আগুন, আহত আনসার সদস্য

ঢাকার আশুলিয়ায় এস সূহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড নামের একটি গার্মেন্টসে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেন। এ ঘটনায় দায়িত্ব পালনকালে মাসুদ নামে এক আনসার সদস্য আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে কারখানাটিতে আকস্মিক বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, বিস্ফোরণের পর আনসার সদস্যরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁরা আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের যৌথ প্রচেষ্টায় রাত ৭টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে কারখানার প্রধান ফটকে দায়িত্ব পালনকালে বিস্ফোরণের তীব্রতায় আনসার সদস্য মাসুদ আহত হন। পরে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে সাভারের নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আহত হওয়ার পরও মাসুদের কাছে থাকা সরকারি অস্ত্র ও গুলি সুরক্ষিত রয়েছে। দায়িত্বে থাকা আনসার সদস্য আহাদসহ অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীভূত আনসার সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। আশুলিয়ার এ ঘটনাতেও তারা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন