সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বেতাগীতে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে সাদিয়া আক্তার (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের মৃত পান্নু প্যাদার বড় মেয়ে। তিনি বেতাগী পৌর শহরের ‘ফরাজী ডায়াগনস্টিক সেন্টার’-এ রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরেন সাদিয়া। বাড়ি ফিরে তিনি তাঁর মাকে শরীর ভালো লাগছে না বলে জানান। পরে কিছুক্ষণ বাইরে ঘুরে আসার কথা বললে মা তাঁকে নিয়ে বাইরে যান। কিছুক্ষণ পর তারা বাড়িতে ফিরে আসেন।

বাড়ি ফেরার পর সাদিয়া তাঁর ছোট ভাইকে নিয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার পর তাঁর ছোট ভাই ঘরের আড়ার সঙ্গে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

তবে কী কারণে সাদিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্য ও তাঁর সহকর্মীরাও এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি।

খবর পেয়ে মঙ্গলবার সকালে বেতাগী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন