অনুসরণ করুন:
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাঘায় মাদক-সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’, পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ

নারী নির্যাতন ও উগ্রবাদ প্রতিরোধেও কঠোর অবস্থানের ঘোষণা


রাজশাহীর বাঘায় মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। এসব অপরাধ দমনে থানা পুলিশকে আরও তৎপর হওয়ার পাশাপাশি অভিযোগের ক্ষেত্রে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাঘা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত ‘মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতনবিরোধী মতবিনিময় সভায়’ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব নির্দেশনা দেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্টদের বক্তব্য এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন।

পরে তিনি মাদক ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় বাঘা থানা পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। অপরাধের অভিযোগ পাওয়া গেলে দ্রুত যাচাই করে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। বক্তব্যে তিনি মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথা জানান।

পুলিশ সুপার বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জনসাধারণকে দ্রুত সেবা দিতে বাঘা থানা পুলিশ ও পুলিশের কুইক রেসপন্স টিমকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

অপরাধ প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয় সভায়। সামাজিক অপরাধের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন