১৭ সেপ্টেম্বর পরশুরাম-ফুলগাজী যাওয়ার কথা ছিল তারেক রহমানের; ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পসহ একাধিক কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি চলছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। ওই দিন জেলার পরশুরাম ও ফুলগাজীতে তাঁর একাধিক উন্নয়ন ও সামাজিক কর্মসূচির উদ্বোধনের কথা ছিল। সফরের সম্ভাব্য নতুন তারিখ আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর সফরটি হতে পারে বলে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
তবে কী কারণে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত সফর স্থগিত করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
চলছিল ব্যাপক প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি চলছিল। বিশেষ করে পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এ উপলক্ষে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে পথসভার স্থান প্রস্তুত করা হচ্ছিল। মাটি ফেলে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের জায়গা উঁচু করার কাজও করা হয়েছে।
উদ্বোধনের তালিকায় ছিল একাধিক কর্মসূচি
১৭ সেপ্টেম্বরের সফরে ফুলগাজীতে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা এবং কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর।
এ ছাড়া ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন কর্মসূচির উদ্বোধনও তাঁর সফরসূচিতে ছিল।
সফর স্থগিত হওয়ায় এসব কর্মসূচির উদ্বোধনও আপাতত পিছিয়ে গেল। নতুন সম্ভাব্য তারিখ ১ অক্টোবর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর সংশোধিত সফরসূচি অনুযায়ী পরবর্তী প্রস্তুতি নেওয়া হবে।

