ইরাক সীমান্তের কাছে দুর্ঘটনায় আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর; মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
ইরানের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরাক সীমান্তের কাছে আবদনান ও দেহলোরান শহরের মধ্যবর্তী সড়কে শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
গ্যাস শোধনাগারের কর্মীদের বহন করছিল বাসটি
আইআরএনএ স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, একটি গ্যাস শোধনাগারের কর্মচারীদের বহনকারী বাসটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মৃত্যু
ইরানের সরকারি সংস্থা ইরানি লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

