শরীরে আঘাতের চিহ্ন, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কাশিবাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম তালুকদার ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে। তিনি দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় ছিলেন। দেড় বছর আগে দেশে ফেরার পর ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে নিজ বাড়িতে একাই বসবাস করতেন তিনি। তাঁর দুই মেয়ে মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকে।
বাড়ির দরজার সামনে পড়ে ছিল মরদেহ
স্থানীয়রা জানান, শনিবার রাতে বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতে না আসায় স্বজনরা রফিকুলকে কয়েকবার ফোন করেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বড় ভাই সাইদুল ইসলাম খোঁজ নিতে নিজ বাড়িতে যান। সেখানে বাড়ির দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
এ সময় তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন।
শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ
ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

