শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টসহ বিভিন্ন সংস্থার সঙ্গে

হাউস অব কমন্স, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন এনসিপি আহ্বায়ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান এনসিপির স্থানীয় নেতারা।

নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

ব্রিটিশ পার্লামেন্টসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক

সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ গুরুত্ব পাবে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন

সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে সূচিত নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবেন।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়

সফরে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগকে বিশেষ অগ্রাধিকার দেবেন নাহিদ ইসলাম। কমিউনিটির সদস্যদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনবেন তিনি।

আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন