দেশের সব মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে নতুন প্রকল্প নিচ্ছে সরকার। রাজশাহী ও রংপুর বিভাগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প।
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থাপনায় সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দেশের প্রতিটি মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শিরীন সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানির সুবিধার ক্ষেত্রে এখনও কিছু পার্থক্য রয়েছে। কোনো কোনো এলাকায় এ সুবিধার আওতা ৭৪ শতাংশ, আবার কোথাও তা ৮৮ শতাংশ। এসব অঞ্চলে শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটিভিত্তিক ও পারিবারিক পর্যায়ে নিরাপদ পানির সুবিধা সম্প্রসারণে কাজ করছে সরকার। সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজশাহী ও রংপুরে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প
এর আগে কুড়িগ্রাম-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বরেন্দ্র অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া এ প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকায় গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি আর্সেনিকমুক্ত নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের নিরাপদ পানির সংকট মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি হবে।
আর্সেনিক ও আয়রনমুক্ত পানির ব্যবস্থা নিশ্চিতের উদ্যোগ
সংসদে আলোচনায় দেশের প্রত্যন্ত অঞ্চলে পানির গুণগত মান নিয়ে বিদ্যমান সমস্যার বিষয়টিও উঠে আসে। বিশেষ করে কোথাও আর্সেনিক, কোথাও অতিরিক্ত আয়রন এবং অন্য ক্ষতিকর উপাদানযুক্ত পানি ব্যবহারের ঝুঁকির কথা তুলে ধরেন সংসদ সদস্য শিরীন সুলতানা।
তিনি বিনামূল্যে পানির মান পরীক্ষা, ঝুঁকিপূর্ণ নলকূপ চিহ্নিতকরণ এবং প্রতিটি পরিবারের জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সময়ভিত্তিক পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এসব সমস্যা সমাধানে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের সম্পৃক্ত করে দ্রুত নিরাপদ পানির সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের কোনো মানুষ যাতে অনিরাপদ পানি ব্যবহারে বাধ্য না হন, সে লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে। এ জন্য স্থানীয় পর্যায়ে চাহিদা অনুযায়ী নতুন প্রকল্প গ্রহণ এবং কমিউনিটি ও পরিবারভিত্তিক পানির ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

