শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নৌপরিবহন অধিদপ্তর ও নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন ও জাতীয় নিরাপত্তায় যৌথ উদ্যোগ বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার হবে

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬: পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী (এনডি), ওএসপি, এনডিসি, পিএসসি, বিএন এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডাইরেক্টর, নেভাল অপারেশন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে চীফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চীফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশির অনুষ্ঠানে অংশ নেন।

প্রযুক্তিগত সহায়তা ও দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।

তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নীল অর্থনীতির (Blue Economy) সমৃদ্ধিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

আধুনিক প্রযুক্তি ও গবেষণায় নতুন সম্ভাবনা

বক্তারা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণায় নতুন মাত্রা যোগ হবে।

সংশ্লিষ্টরা মনে করেন, সমঝোতা স্মারকটি দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও সুসংহত করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন যৌথ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন