জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের দাবি তুলে ধরবেন তারেক রহমান; অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেবেন তিনি। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
জলবায়ু অর্থায়নে বাংলাদেশের অধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পাটজাত পণ্যের বিষয়ও গুরুত্ব পাবে।
তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে উন্নত দেশগুলোর কাছ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অধিকার নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হবে।
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করবে উল্লেখ করে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, উন্নত দেশগুলো এর আগে বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা সত্ত্বেও বাংলাদেশ সব সময় এ সহায়তা পায় না। সম্মেলনে অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য অধিকার তুলে ধরা হবে।

