স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ব্যাপক ঢল নেমেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এক রাতেই ১ হাজার ২১ জনকে উদ্ধার করে উপকূলে নিয়ে এসেছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক অভিবাসীর চাপে ছোট দ্বীপ এল হিয়েরোর প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ হিমশিম খাচ্ছে।
স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, উদ্ধারকারী সংস্থা সালভামেন্তো মারিতিমোর বরাতে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত এল হিয়েরো, গ্রান ক্যানারিয়া ও লানজারো দ্বীপে এসব অভিবাসীকে উদ্ধার করা হয়।
এল হিয়েরোতে সবচেয়ে বেশি অভিবাসী
উদ্ধার হওয়া অভিবাসীদের অধিকাংশকেই নিয়ে যাওয়া হয়েছে এল হিয়েরো দ্বীপে। প্রায় ১১ হাজার ৫০০ মানুষের বসবাস এই দ্বীপে। অল্পসংখ্যক বাসিন্দার এই দ্বীপে বিপুলসংখ্যক অভিবাসীর আগমনে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ।
এ পরিস্থিতিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অসহনীয়’ বললেন দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট
ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো বর্তমান পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অসহনীয়’ বলে বর্ণনা করেছেন। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি।
উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা আরও বাড়তে পারে
উদ্ধার হওয়া অভিবাসীর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক হিসাবের মধ্যে কয়েকটি নৌকার যাত্রীসংখ্যা নিশ্চিত না হওয়ায় সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
এ ছাড়া এল হিয়েরোর কাছে আরও দুটি নৌযানকে সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন উদ্ধারকর্মীরা।
নভেম্বরের প্রথম পাঁচ দিনেই ৩ হাজার ২০০ অভিবাসী
নভেম্বরের প্রথম পাঁচ দিনেই ৩ হাজার ২০০-এর বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। তাঁদের মধ্যে প্রায় ২ হাজার ৩০০ জনই এসেছেন এল হিয়েরোতে।
ইএফইর হিসাব অনুযায়ী, এই অভিবাসীদের মধ্যে ৩০৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১১টি শিশু রয়েছে। অধিকাংশ অভিবাসীই আফ্রিকার সেনেগালের নাগরিক।
অক্টোবরে অভিবাসীর সংখ্যা প্রায় পাঁচ গুণ
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবরে সমুদ্রপথে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ৬ হাজার ১৯৪ জন অভিবাসী। গত বছরের একই মাসের তুলনায় এ সংখ্যা প্রায় পাঁচ গুণ।
তবে সাম্প্রতিক এই ঢল সত্ত্বেও চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দ্বীপপুঞ্জটিতে মোট ১৩ হাজার ৩২৭ জন অভিবাসী পৌঁছেছেন। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ সংখ্যা কিছুটা কম।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের একই সময়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছিলেন ৩৪ হাজার ৮৭ জন এবং ২০২৩ সালে ৩০ হাজার ৪২৫ জন অভিবাসী।

