অনুসরণ করুন:
শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ইউক্রেনের রাজধানীতে রুশ হামলা, লক্ষ্য সামরিক ও বিদ্যুৎ অবকাঠামো

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের সামরিক-শিল্প খাত, বিদ্যুৎকেন্দ্র এবং পরিবহন অবকাঠামো লক্ষ্য করে রাতভর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিপার নদীর ওপর গুরুত্বপূর্ণ একটি সেতু, সামরিক সরঞ্জাম উৎপাদনকারী কারখানা এবং একাধিক বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মস্কো।

আজ শনিবার (৭ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

কিয়েভের গুরুত্বপূর্ণ সেতু ও কারখানায় হামলা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভে তাদের সুনির্দিষ্ট হামলায় নিপার নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ ‘নর্দান ব্রিজ’ আঘাতপ্রাপ্ত হয়েছে।

মস্কোর দাবি, ইউক্রেনীয় সেনাদের জন্য অস্ত্র, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান পরিবহনে নিয়মিত এই সেতু ব্যবহার করা হচ্ছিল।

এ ছাড়া কিয়েভের বিখ্যাত ‘মেরিডিয়ান’ কারখানা এলাকাতেও হামলা চালানো হয়েছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফ্লেমিঙ্গো’ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান উৎপাদন কেন্দ্র এই কারখানা।

বিদ্যুৎকেন্দ্র ও সাবস্টেশন ক্ষতিগ্রস্ত

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভ অঞ্চলের একাধিক বিদ্যুৎকেন্দ্র, সাবস্টেশন এবং গোলাবারুদ ও অস্ত্র তৈরির একটি কারখানা রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের বাইরে ইউক্রেনের ঝিতোমির অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সাবস্টেশনেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কৃষ্ণসাগরে কার্গো জাহাজেও হামলার দাবি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কৃষ্ণসাগরে ইউক্রেনগামী একটি কার্গো জাহাজে হামলার কথাও উল্লেখ করা হয়েছে।

মস্কোর দাবি, ওই জাহাজে ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম এবং দ্বিমুখী ব্যবহারযোগ্য পণ্য বহন করা হচ্ছিল। এসব পণ্য সামরিক ও বেসামরিক—উভয় কাজে ব্যবহার করা যায়।

তবে হামলায় ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা সংশ্লিষ্ট অবকাঠামোর কার্যক্রম কতটা ব্যাহত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন