জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা সুরক্ষা ও অযৌক্তিক যুদ্ধ বন্ধের আহ্বান সাবেক মার্কিন প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর দলটির নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেছেন, ওয়াশিংটন থেকে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা ও দুর্নীতির চেয়ে জনগণের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে হবে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে পরিবারগুলোকে সহায়তা করা এবং তাদের স্বাস্থ্যসেবা সুরক্ষিত রাখাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
বিল ক্লিনটনের ভাষায়, গণতন্ত্রের জন্য গতকাল ছিল একটি দারুণ দিন। তবে এই অর্জন ধরে রাখতে হলে এখনই কাজ শুরু করতে হবে।
জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ক্লিনটন। একই সঙ্গে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন নিয়ে দেওয়া একটি বিবৃতিও প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে দেশজুড়ে নির্বাচিত ডেমোক্র্যাট প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের বিজয় নিশ্চিত করতে কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, গত রাতে নির্বাচিত অসাধারণ প্রার্থীরা আমেরিকার বৈচিত্র্য এবং ডেমোক্রেটিক পার্টির শক্তির প্রতিফলন।
যুদ্ধ বন্ধ ও শুল্ক প্রত্যাহারের দাবি
ক্লিনটন বলেন, আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন—ওয়াশিংটন থেকে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা ও দুর্নীতির চেয়ে জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। এর অর্থ হলো, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় পরিবারগুলোকে সহায়তা করা এবং তাদের স্বাস্থ্যসেবা সুরক্ষিত রাখা।
তার মতে, অযৌক্তিক যুদ্ধ বন্ধ করতে হবে। একই সঙ্গে যেসব শুল্কের কারণে পণ্যের দাম বেড়ে যায়, সেগুলোও বন্ধ করা প্রয়োজন। জাতীয় ঋণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষমতাসীনদের জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
জনগণের আস্থা পুনর্গঠনের সুযোগ
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়কে জনগণের আস্থা পুনর্গঠনের সুযোগ ও দায়িত্ব হিসেবে দেখছেন ক্লিনটন। এ দায়িত্ব বিনয় ও দৃঢ়তার সঙ্গে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেননি, তাদের প্রতিও খোলা মন নিয়ে এগিয়ে যেতে হবে, মুষ্টিবদ্ধ হাত নিয়ে নয়।
বিবৃতির শেষাংশে ক্লিনটন বলেন, তিনি সব সময় বিশ্বাস করে এসেছেন, সবাই একসঙ্গে কাজ করলে আরও ভালো করা সম্ভব। আমেরিকার জনগণ দলটিকে সেই বিশ্বাস প্রমাণের আরেকটি সুযোগ দিয়েছেন। এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান জানান তিনি।

