সকাল ১০টা থেকে বিক্ষোভ, যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কে তীব্র যানজট
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে কয়েকশ শ্রমিক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শ্রমিকদের সরানোর চেষ্টা করছে পুলিশ
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সংবাদমাধ্যমকে বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ এলাকায় সড়কে নেমেছেন।
তিনি আরও জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

