বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মামুন-মশিউর-জামিলের চাঁদাবাজি নেটওয়ার্কের তিন ভাই গ্রেফতার

রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। তারা মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের ভাগ্নে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরপুরে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার মেহেদী হাসান ওরফে জয় মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল এবং ফুটপাত নিয়ন্ত্রণের কার্যক্রমে জড়িত। এ ছাড়া কিশোর গ্যাং পরিচালনা ও আর্থিক লেনদেনের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। চাঁদা থেকে আদায় করা টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।  

পুলিশ আরও জানায়, গ্রেফতার সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব কাজে লাগিয়ে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। গ্রেফতার তিন ভাইয়ের সঙ্গে ওই সন্ত্রাসীদের নিয়মিত যোগাযোগ ছিল বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। মোবাইল ফোনেও তাদের মধ্যে যোগাযোগ হতো।

গ্রেফতার ব্যক্তিরা সাভারের নামাগেন্ডা এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তারা রাজধানীর পল্লবী থানার কালশী এলাকার একটি বাসায় থাকতেন। তাদের বাবা আমির হোসেন ও মা নাসিমা বেগম। পুলিশ জানায়, নাসিমা বেগম মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের বড় বোন।

ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বিকাবদার বলেন, অপরাধ দমন ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে মিরপুর বিভাগে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ সেপ্টেম্বর মামলা হয়। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন