সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে আনসারের হাতে আটক ১

নারায়ণগঞ্জে ট্রাফিকের দায়িত্ব পালনকালে এক পথচারীর মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা দেখে দ্রুত পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাঁদের তাৎক্ষণিক তৎপরতায় মো. ইয়াছিন (৩০) নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর রেলগেট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রেলগেট মোড় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা। এ সময় তাঁদের নজরে আসে, এক পথচারীর মানিব্যাগ ছিনতাই করা হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে তাঁরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান এবং ছিনতাইয়ের অভিযোগে মো. ইয়াছিনকে আটক করেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে ভূমিকা রাখেন পিসি মো. মিল্লাদ বিশ্বাস এবং আনসার সদস্য মো. আসাদুল ও মো. স্বজন। তাঁদের দ্রুত পদক্ষেপের কারণে অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা সম্ভব হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনসমাগমপূর্ণ এলাকায় দায়িত্ব পালনকালে সদস্যদের সতর্কতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি অপরাধের ঘটনা নজরে এলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করছেন বাহিনীর সদস্যরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন