মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ঘুষের প্রলোভন উপেক্ষা করে বিমানবন্দরে ২ লাখ ২০ হাজার টাকার ইনসুলিন সিরিঞ্জ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের প্রলোভন উপেক্ষা করে এক বিদেশি নারী যাত্রীর কাছ থেকে ১০০টি ইনসুলিন সিরিঞ্জ জব্দ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক নারী সদস্য। জব্দ করা সিরিঞ্জগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিমানবন্দরের ৪ নম্বর হেভি লাগেজ গেটে দেহ তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আটক ওই নারী যাত্রীর নাম XIANG ZHAOJUN। তিনি চীনে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে ছিলেন বলে আনসারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীর ঢিলেঢালা পোশাক দেখে সন্দেহ হয় দায়িত্বে থাকা নারী আনসার সদস্য তাছলিমা আক্তারের। তল্লাশির সময় বাধা দেওয়ার চেষ্টা করে ওই যাত্রী তাঁকে ৫০০ টাকার কয়েকটি নোট ঘুষ হিসেবে দেওয়ার প্রলোভন দেখান। তবে তাছলিমা আক্তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তল্লাশি চালিয়ে যান।

একপর্যায়ে যাত্রীর শরীরে অভিনব কায়দায় লুকানো ১০০টি ইনসুলিন সিরিঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সিরিঞ্জের মোট ওজন প্রায় ৫০০ গ্রাম। প্রতিটির আনুমানিক মূল্য ২ হাজার ২০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি শিফটের দায়িত্বে থাকা থানা প্রশিক্ষক ওমর ফারুককে জানানো হলে তিনি বিমানবন্দর এভসেক কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক নারী যাত্রী ও জব্দ করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের সময় থানা প্রশিক্ষক ওমর ফারুক, আলফা পিসি মো. নিজাম উদ্দিন ও পিসি দুলন মিয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন