মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

‘শিক্ষার চেয়ে পদ বড় হয়ে উঠেছে’, চুয়েট উপাচার্যকে ইঙ্গিত করে হাসনাত

শিক্ষক-শিক্ষার্থীদের আপত্তির মধ্যেও তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের অভিযোগ; নিয়োগ ও পদকেন্দ্রিক মানসিকতার সমালোচনায় এনসিপি নেতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘গুন্ডা ও নির্লজ্জ’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আপত্তি সত্ত্বেও উপাচার্য তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে চেয়ারে বসেছেন বলে অভিযোগ করেন তিনি।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চুয়েটের চলমান পরিস্থিতি নিয়ে এসব মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।

চুয়েটের পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা

চুয়েটে উপাচার্যের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশের ঘটনার প্রসঙ্গ তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা তাঁকে চান না। এরপরও তিনি কার্যালয়ের তালা ভেঙে চেয়ারে বসেছেন বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, “ওনারে কোনো টিচার চায় না, ওনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও চায় না। ওনার কলিগরাও চায় না। নির্লজ্জের মতো আজকে উনি তালা ভেঙে চেয়ার দখল করছেন।”

উপাচার্যের কার্যালয়ের তালা ভাঙার ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, “উনি ছাত্রদলের কয়েকটা গুন্ডা নিয়ে উনি রুমের তালা ভাঙছেন।”

নিয়োগের পর থেকেই অচলাবস্থার অভিযোগ

চুয়েটে উপাচার্য নিয়োগের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে দিয়েছেন এবং শিক্ষকেরাও পাঠদান থেকে বিরত রয়েছেন।

তিনি বলেন, উপাচার্য গত কয়েক দিন চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করে অনলাইনে কার্যক্রম পরিচালনা করছেন বলে তিনি জানেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনিচ্ছা সত্ত্বেও দায়িত্বে থাকার বিষয়ে উপাচার্যের সমালোচনা করেন তিনি।

পদ নয়, মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সমাজে মানসিক অধঃপতন ও ব্যক্তিত্বহীনতার বিরুদ্ধে সচেতন থাকতে হবে। যাঁদের কাছে শিক্ষার চেয়ে পদ বড় হয়ে ওঠে এবং যাঁদের দায়িত্ব পালনের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধিতার মুখোমুখি হতে হয়, তাঁদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বাজার, হাট ও রাজনৈতিক অঙ্গনসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের প্রবণতা দেখা যায়। এসবের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিবারতন্ত্রের সমালোচনা

নতুন বাংলাদেশ বিনির্মাণে মেধা ও যোগ্যতাকে পরিবারতন্ত্রের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে এনসিপির এই সংসদ সদস্য বিভিন্ন নিয়োগ ও সরকারি সুবিধা বণ্টনে স্বজনপ্রীতির অভিযোগ তোলেন।

তিনি বলেন, সম্প্রতি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সংসদ সদস্যদের ছেলে-মেয়ে ও আত্মীয়স্বজন ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। একইভাবে বিধবা ভাতার মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতেও প্রভাবশালীদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পেতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ব্যক্তিগত পরিচয় বা পারিবারিক প্রভাবের বদলে মেধা ও যোগ্যতা প্রাধান্য পাবে।

জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন।

চুয়েটের উপাচার্যকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের বিষয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমের কোনো প্রতিক্রিয়া এই প্রতিবেদনে পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন