নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে আঘাত করার অভিযোগে মো. নাঈম মিয়া (২৪) নামে এক অ্যাম্বুলেন্স হেলপারকে আটক করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফি কক্ষে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নাঈম মিয়া এক রোগীকে নিয়ে নির্ধারিত সিরিয়াল অনুসরণ না করে চিকিৎসাসেবা নেওয়ার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে নিয়ম মেনে সেবা নেওয়ার পরামর্শ দিলে উভয়ের মধ্যে বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি চিকিৎসককে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই এপিসি মো. মুক্তার হোসেন ও আনসার সদস্য মো. নাসিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন। পরে হাসপাতাল পরিচালকের মাধ্যমে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে চিকিৎসক, রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। হাসপাতালের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তাঁরা সতর্ক রয়েছেন।
এ বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ বা চিকিৎসকের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

