রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের একজনকে এক মাস এবং অন্যজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িসংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়টি আনসার সদস্যদের নজরে আসে। পরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে আনসার সদস্যরা অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করেন।
পিসি মো. মফিজ উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন আনসার সদস্য পবিত্র সিংহ চন্দ্র, মানিক মিয়া ও আব্দুল হাই।
আটক ব্যক্তিরা হলেন মো. রবিউল (১৮), পল্লবী, ঢাকা এবং মো. পিন্টু (৩০), সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা। ভ্রাম্যমাণ আদালত রবিউলকে এক মাস এবং পিন্টুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সরকারি সেবাপ্রতিষ্ঠানে দালালদের অপতৎপরতা বন্ধ, জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

