মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের প্রস্তুতি চলছে: বিমানমন্ত্রী

আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি চালু হলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা সরাসরি কক্সবাজারে আসার সুযোগ পাবেন।

সোমবার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ও এ ক্ষেত্রে তাঁদের মতামত তুলে ধরেন।

মন্ত্রী বলেন, কক্সবাজার থেকে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের দূরত্ব তুলনামূলক কম। ইউনান একটি স্থলবেষ্টিত প্রদেশ হওয়ায় কক্সবাজার ও কুনমিংয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করা চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের জন্য সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে।

তিনি আরও জানান, কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে এয়ার-এশিয়া পেনাংয়ের সঙ্গে কাজ করছে। পাশাপাশি ফ্লাইদুবাইয়ের কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট চালুর আগ্রহকে স্বাগত জানান তিনি। নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুর ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান মন্ত্রী।

এর আগে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, রিয়াদে হামলার ঘটনার কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে। এ পরিস্থিতিতে বাতিল হওয়া ১০টি ফ্লাইটের কারণে ৩ হাজার ৪০০-এর বেশি যাত্রীর চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, এটি একটি বৈশ্বিক সংকট। সবার সহযোগিতায় পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দেশি-বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন