ধর্মের ভিত্তিতে নয়, বরং নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একজন নাগরিকের প্রাপ্য অধিকার নিশ্চিত করা সরকারপ্রধান হিসেবে তাঁর দায়িত্ব।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আসনটির আটটি মন্দিরের প্রতিনিধিরা শারদীয় দুর্গাপূজায় অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানান।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর তাঁদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। দুর্গাপূজার ছুটি ও অনুদান বাড়ানোর জন্য তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে যতটুকু কাজ করা সম্ভব হয়েছে, সরকার তা করেছে। আরও কিছু বিষয়ে কাজ করার চেষ্টা চলছে। এসব উদ্যোগ সরকারের সদিচ্ছার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন। একইভাবে ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনেও ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, জাতির সংকটময় সময়ে ধর্মীয় পরিচয় বিবেচনায় না নিয়ে সবাই একসঙ্গে কাজ করেছেন। দেশ স্বাধীন করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও সবার অংশগ্রহণ ছিল।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতা-কর্মীদের নির্যাতনের শিকার হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নেতা-কর্মীরাও নির্যাতনের শিকার হয়েছেন। এসব ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের কোনো পার্থক্য ছিল না বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আল্লাহ তাঁকে একটি সুযোগ দিয়েছেন এবং নিজের অবস্থান থেকে প্রত্যেক মানুষকে যথাসম্ভব নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন। নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও প্রাপ্য নিশ্চিত করতে নিজের দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না। বিএনপিকে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভুল করেননি বলে মন্তব্য করে তাঁরা সরকারের প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

