সোমবার, ১২ অক্টোবর ২০২৬

তাঁতীবাজারে স্বর্ণের দোকানে চাঁদা দাবি, সাবেক ইন্সপেক্টরসহ ৩ জনের রিমান্ড

সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, দুই দিনের রিমান্ডে পাঠালেন আদালত

রাজধানীর তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে সিআইডি পরিচয়ে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় সাবেক এক পুলিশ ইন্সপেক্টরসহ তিনজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে তিন আসামি

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর এস এম মোস্তাক আহমেদ (৬৫), সিআইডিতে কর্মরত কনস্টেবল মো. হাসান শেখ (৩৮) এবং মো. আবুল কালাম আজাদ (৫২)।

সিআইডি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৬ অক্টোবর দুপুরে কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকার ‘আর্শীবাদ’ নামের একটি স্বর্ণের দোকানে জোরপূর্বক প্রবেশ করেন আসামিরা। পরে দোকানমালিক লিটন দেবের ভাই ও ছেলেকে সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা না দিলে তাঁদের তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ডিবির অভিযানে আটক

ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) জানানো হলে গোয়েন্দা কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকের সময় তাঁদের কাছ থেকে ছাই রঙের একটি সিআইডি জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাফ, একটি পুলিশ ফিল্ড ক্যাপ, সিলযুক্ত একটি পরিচয়পত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ

এ ঘটনায় দোকানমালিক লিটন দেব কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. এজাজুল হক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। ওই দিন আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

রোববার শুনানির জন্য আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় তাঁদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের এসআই কামাল উদ্দীন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন