সোমবার, ১২ অক্টোবর ২০২৬

গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারদের তিন বছরের ওয়ারেন্টি চায় সংসদীয় কমিটি

গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট নির্মাণকাজের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশের আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং অপ্রয়োজনীয় প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, এমপি।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা দেওয়া হয় এবং সরকারের গত ১৮০ দিনে এ খাতে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে গ্রামীণ সড়ক নির্মাণকাজের গুণগত মান, স্থায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্মাণকাজের জন্য ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ করে কমিটি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে নির্মাণকাজের তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

দেশের বিভিন্ন স্থানে আর্সেনিকযুক্ত এলাকা চিহ্নিত করে সেসব অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয় বৈঠকে।

এ ছাড়া এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত আচরণ ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেয় কমিটি। একই সঙ্গে উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিত করার সুপারিশ করা হয়। ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়েছে।

বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি এবং মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে কমিটির সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন