রাজধানীর মালিবাগ টিএন্ডটি কলোনির একটি পরিত্যক্ত ভবনে অনধিকার প্রবেশ করে মাদক সেবনের অভিযোগে এক তরুণ ও এক তরুণীকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে পরিবারের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় মুচলেকা নেওয়ার পর ১৭ বছর বয়সী তরুণীকে তাঁর মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
আনসার বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাতিরঝিল থানাধীন মালিবাগ বিটিসিএল টিএন্ডটি কলোনির একটি পরিত্যক্ত ভবনে কয়েকজন তরুণ-তরুণী মাদক সেবন করছেন বলে গোপন সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের পিসি মো. নুরুল আবছার ও আনসার সদস্য মো. মাহফুজ ঘটনাস্থলে যান।
এ সময় আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা আরও তিন তরুণ সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একজন তরুণ ও একজন তরুণীকে আটক করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কলোনি কর্তৃপক্ষকে জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী জানান, তিনি প্রায় এক সপ্তাহ ধরে বাসার বাইরে ছিলেন এবং বিভিন্ন বন্ধুর বাসায় অবস্থান করছিলেন। ঘটনার দিন আরাফাত হোসেন রাহুলের সঙ্গে যোগাযোগের পর তিনি কলোনির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। রাহুলও তাঁদের পূর্বপরিচয়ের কথা জানান এবং ফোনে যোগাযোগের মাধ্যমে তরুণীকে কলোনির ভেতরে প্রবেশ করানোর কথা বলেন।
আটক তরুণী মোছা. জান্নাতুল জাকিয়া আলম জেরিনের (১৭) কাছ থেকে তাঁর মায়ের মোবাইল নম্বর সংগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিবারের পরিচয় নিশ্চিত করা হয়। সংস্থা কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রয়োজনীয় মুচলেকা নিয়ে তাঁকে তাঁর মা মাহমুদা আক্তারের জিম্মায় হস্তান্তর করা হয়।
আনসারের বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণীর মা জানিয়েছেন, তাঁর মেয়ে প্রায়ই বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটান এবং প্রায় এক সপ্তাহ ধরে বাসার বাইরে ছিলেন। এ বিষয়ে তিনি থানায় কোনো অভিযোগ করেননি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

