দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় ট্রাস্টের অবদানের প্রশংসা করে তিনি এ কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির উদ্যোগ প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি ট্রাস্টের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগের পরিধি আরও বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি জানান, তিনিও ব্যক্তিগতভাবে অনেক দরিদ্র রোগীকে ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এসব রোগীর চিকিৎসাসেবায় হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা এবং সম্প্রসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়। এ সময় রাষ্ট্রপতি ট্রাস্টের সেবামূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন ‘Disaster Preparedness and Resilient Bangladesh: Leading the Future’-এ প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতির জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেয়।
আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেন।
সাক্ষাৎকালে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন উপস্থিত ছিলেন।

