বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

নদী-খাল খননে সমন্বিত নীতিমালার সুপারিশ সরকারি প্রতিষ্ঠান কমিটির

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

টেকসই নদী ব্যবস্থাপনায় গুরুত্ব

বৈঠকে নদীভাঙন রোধে স্বল্পমেয়াদি ও পুনরাবৃত্তিমূলক ব্যয়ের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই নদী ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়।

এ ছাড়া নদীতে জমে থাকা বিপুল পরিমাণ পলি ব্যবস্থাপনা, নিয়মিত ও ক্যাপিটাল ড্রেজিংয়ের কার্যকারিতা মূল্যায়ন এবং নদীর নাব্যতা রক্ষায় সমন্বিত কৌশল গ্রহণের সুপারিশ করা হয়।

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর তাগিদ

ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমাতে সংকটপূর্ণ এলাকায় গভীর নলকূপ স্থাপনের প্রবণতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো এবং পানির পুনঃব্যবহারের নীতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) চলমান সমীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সংস্থাটির গবেষণা সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়।

নদী-খাল খননে সমন্বিত নীতিমালার সুপারিশ

বৈঠকে নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন সংস্থার পৃথকভাবে খাল খননের পরিবর্তে একটি সমন্বিত নীতিমালার আওতায় এসব কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।

একই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন সমস্যা সমাধানে কার্যকর মাস্টারপ্ল্যান গ্রহণের তাগিদ দেওয়া হয়।

অডিট আপত্তি নিষ্পত্তি ও সক্ষমতা বৃদ্ধিতে জোর

বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘদিনের ৫ হাজারের বেশি অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বছরের শুরুতেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা এবং পাউবোর প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়।

কমিটির আলোচনায় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং দেশব্যাপী নদী-খাল খনন ও পুনঃখনন কর্মসূচি দীর্ঘমেয়াদি, সমন্বিত ও টেকসই পানি ব্যবস্থাপনার আওতায় বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন