অনুসরণ করুন:
বুধবার, ৭ অক্টোবর ২০২৬

সামরিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত Land Forces International Land Defence Exposition and Chief of Army Symposium 2026-এ অংশগ্রহণকালে গত ৫ অক্টোবর এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কইল, এএম, সিএসসি, ডিএসএম এবং United States Army Pacific (USARPAC)-এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন সেনাপ্রধান।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় লেফটেন্যান্ট জেনারেল সুসান কইল বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে, ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা এবং তথ্য বিনিময় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে Disaster Response Exercise and Exchange (DREE) আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (BIPSOT)-এ Global Peace Operations Initiative (GPOI)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়েও মতবিনিময় হয়।

এ ছাড়া বাংলাদেশের National Defence College (NDC) এবং Defence Services Command and Staff College (DSCSC)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

সেনাবাহিনী প্রধানের এসব পৃথক বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন