অনুসরণ করুন:
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হাম-রুবেলা টিকায় লক্ষ্যমাত্রা ছাড়াল ১০ শতাংশ, টিকা পেল প্রায় ১ কোটি ৯৮ লাখ শিশু

১৩ সেপ্টেম্বর পর্যন্ত কভারেজ ১০৯.৮ শতাংশ; ২৬ সেপ্টেম্বর থেকে নতুন করে দেশব্যাপী হামের টিকা ক্যাম্পেইন

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬: দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে গত পাঁচ মাসে প্রায় ১ কোটি ৯৮ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা পেয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার ধাপে ধাপে জরুরি টিকাদান কার্যক্রম শুরু করে। প্রথম পর্যায়ে ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় কর্মসূচি চালু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ—এই চার সিটি করপোরেশনে দ্বিতীয় ধাপের টিকাদান শুরু হয়। সর্বশেষ ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হয়, যা এখনও অব্যাহত রয়েছে।

প্রথমে এই কর্মসূচির আওতায় ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সরকারের বিভিন্ন উদ্যোগ ও মাঠপর্যায়ের কার্যক্রমের ফলে টিকা গ্রহণের হার বেড়ে ১০৯ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত হাম-রুবেলা নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শিশু টিকা পেয়েছে ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন, রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন, রংপুর বিভাগে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন, খুলনা বিভাগে ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন এবং বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

সিটি করপোরেশনগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বোচ্চ ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ জন, গাজীপুরে ২ লাখ ৬ হাজার ৯২৭ জন, খুলনায় ৯৬ হাজার ৭৯২ জন, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭ জন, রংপুরে ৮২ হাজার ২৫৩ জন, সিলেটে ৭২ হাজার ৩৪৯ জন, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯ জন, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫ জন, কুমিল্লায় ৪৮ হাজার ৬৪৩ জন এবং বরিশাল সিটি করপোরেশনে ৪৪ হাজার ১১৯ জন শিশু টিকা গ্রহণ করেছে।

এদিকে দেশে হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় সরকার আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নতুন করে সারাদেশে ব্যাপক হামের টিকা ক্যাম্পেইন শুরু করার ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে টিকার আওতার বাইরে থাকা শিশুদের অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান কার্যক্রম এবং নতুন ক্যাম্পেইন সরকারের বাড়তি উদ্যোগের অংশ। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো কোনো শিশুই যেন হামের টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন