রবিবার, ২৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন ছবি:বাসস


চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে।শনিবার (২২ আগস্ট) উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। এ সময় উত্তোলিত বালুও জব্দ করা হয়। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও আশপাশের এলাকার ক্ষতি হচ্ছে। সরকারি বিধিবিধান অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন