বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে গুলির ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আটক যুবক

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে গুলির ইঙ্গিতপূর্ণ মন্তব্যের অভিযোগ

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিকী নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক এ তথ্য জানান।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ও এসআরবির সহায়তায় আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিএমপির হেফাজতে রয়েছেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

যেভাবে রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী

গাজিউর রহমান জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে তিনি নগরীতে প্রবেশ করেন।

এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন তিনি।

পরে একই বাসে করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত একটি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। দুর্গাপূজা উপলক্ষে একটি মন্দির পরিদর্শন শেষে ওই বাসেই শাহ মখদুম বিমানবন্দরে ফিরে যান তিনি।

ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে আলোচনা

‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “সবই বুঝলাম রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই, রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী?”

পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।”

মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বুধবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছিলেন, মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীকে ভয়ঙ্কর কটূক্তিকারী আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

তদন্তের দাবি বিএনপি নেতার

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন