সিআইডির অভিযানে মাদারীপুর থেকে সোহাগ ফকির আটক, জব্দ দুটি স্মার্টফোন
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার গভীর রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রাজৈর থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
রাত ১২টার পর গ্রেপ্তার
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুবউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর সোহাগ ফকিরকে গ্রেপ্তার করে সিআইডি।
তিনি বলেন, এ সময় রাজৈর থানা পুলিশের একটি দল সিআইডিকে সহযোগিতা করে। পরে বুধবার ভোরে সিআইডির একটি দল তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।
প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর গত ১০ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষাটি স্থগিত করা হয়।
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং প্রশ্নফাঁসের ঘটনার বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। একপর্যায়ে তাঁরা মানিক মিয়া অ্যাভিনিউ কিছুক্ষণের জন্য অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
এ ঘটনার পর যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশ্নফাঁসের অভিযোগে করা মামলার তদন্তের ধারাবাহিকতায় সোহাগ ফকিরকে গ্রেপ্তার করা হলো।

