ডিঙি নৌকা থেকে হরিণের খণ্ডিত মাথা, কলিজা-নাড়িভুঁড়ি ও শিকারের সরঞ্জাম উদ্ধার; বন আইনে মামলা
খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মঙ্গলবার বানিয়াখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা কে এম রাশেদ সাদাত এ তথ্য নিশ্চিত করেন।
আটক আয়াতুল্লাহ গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আব্দুল কুদ্দুস গাজীর ছেলে।
নৌকা থেকে হরিণের দেহাবশেষ ও সরঞ্জাম জব্দ
বন বিভাগ সূত্রে জানা যায়, ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালানোর সময় একটি ডিঙি নৌকায় তল্লাশি করে হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়।
এ ছাড়া নৌকাটি থেকে প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করেন বন বিভাগের সদস্যরা।
বন আইনে মামলা
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

