অনুসরণ করুন:
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতি, আটক ৪

ডাকাতির টাকায় কেনা তিন মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল জব্দ, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আটক ব্যক্তিদের

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির টাকায় কেনা তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন, নগদ ৫৯ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন এসব তথ্য জানান।

আটক চারজনের পরিচয়

আটক ব্যক্তিরা হলেন মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন, একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া ওরফে নয়ন, একই ইউনিয়নের খেদাছড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।

যেভাবে আটক করা হয়

ওসি সাহেদ উদ্দিন জানান, গত ১২ অক্টোবর মাটিরাঙ্গার শয়তান টিলা এলাকায় এক গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে।

এর ধারাবাহিকতায় রোববার রাতে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। অভিযানে ডাকাতির টাকায় কেনা তিনটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার পরবর্তী কার্যক্রম তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন