অনুসরণ করুন:
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজশাহীতে আইপিডিসি ফাইন্যান্সের নতুন শাখা

দেশের বিভিন্ন অঞ্চলে আর্থিক সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে রাজশাহীতে নতুন শাখা চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

রাজশাহীর সুলতানাবাদ স্টেশন রোডের ২২ নম্বর বাড়িতে চালু হয়েছে এই নতুন শাখা।

সোমবার আইপিডিসি ফাইন্যান্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শাখা চালুর ফলে স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

এ কোম্পানি বলছে, স্থানীয় মানুষের পরিবর্তনশীল আর্থিক চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার পাশাপাশি রাজশাহী ও আশপাশের অঞ্চলে আর্থিক সেবার সুযোগ বাড়াতে চায় তারা।

আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, “রাজশাহীতে নতুন শাখা চালুর মাধ্যমে সারা দেশে আইপিডিসি ফাইন্যান্সের কার্যক্রম আরও বিস্তৃত হল। উদ্যোক্তা তৈরি, ব্যবসা সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রাজশাহীর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

“এ অঞ্চলের মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করতে আমরা আগ্রহী।”

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা বিশ্বাস করি, গ্রাহকদের আরও কাছে থাকলে তাদের প্রয়োজন ভালোভাবে বোঝা যায় এবং সে অনুযায়ী কার্যকর আর্থিক সেবা দেওয়া সম্ভব হয়। রাজশাহীতে নতুন শাখা চালুর মাধ্যমে সেবাপ্রাপ্তি সহজ করা, গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করা এবং ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে তাদের আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করার প্রতিশ্রুতি আরও জোরালো হল।

“রাজশাহীর মানুষের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এ অঞ্চলের মানুষের আস্থাভাজন আর্থিক সহযোগী হয়ে উঠতে চাই আমরা।”

নতুন শাখা চালুর মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণ, গ্রাহকদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইপিডিসি ফাইন্যান্স।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন