নীলফামারী জেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ব্যক্তিদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের কালীমন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহযোগিতায় এসব বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নীলফামারী জেলা শাখা এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নীলফামারী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু, যুগ্ম-আহ্বায়ক টিকেন্দ্রজিৎ রায় মীরু, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হিরম্ব কুমার রায় হিরু, বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী শাখার আহ্বায়ক সুমন চক্রবর্তী, নীলফামারী পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক প্রিয়া কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ছয়শ’জন দুস্থ ব্যক্তির মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল পারভেজ জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহযোগিতায় এসব বস্ত্র বিতরণ করা হয়।

