বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে

রক্তশূন্যতার কারণে রাজশাহীতে হাসপাতালে ভর্তি ছিলেন, পিজি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চলবে চিকিৎসা

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তাঁর চিকিৎসা চলবে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি গণমাধ্যমকে ভূমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে জানান।

রক্তশূন্যতার কারণে দিতে হচ্ছিল রক্ত

শফিকুল হক মিলন বলেন, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাঁকে দেওয়া ওষুধ ব্যবহারে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে। এতে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। ফলে গত কয়েক দিন ধরে তাঁকে রক্ত দিতে হচ্ছিল।

তিনি আরও বলেন, দুই দিন আগে প্রধানমন্ত্রী রাজশাহী সফরে এলে অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয়। এতে তাঁর শারীরিক পরিশ্রম হয়েছে। এদিকে রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে শফিকুল হক মিলন রাজশাহীবাসী ও দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।

ঢাকায় চলবে চিকিৎসা

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বলেন, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী থেকে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলবে।

বুধবার হাসপাতালে ভর্তি

এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের একটি কেবিনে তাঁর চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।

নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান মিনু।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে দেখতে হাসপাতালে যান। এ সময় তাঁদের কাছেও দোয়া কামনা করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন