ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, নিরাপত্তাহীনতা ও মবের শিকার হওয়ার অভিযোগ; ভোগান্তিতে রোগীরা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন।
ইন্টার্ন ডক্টরস সোসাইটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজন ও দর্শনার্থীদের অবাধ প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
হামলা ও হত্যার হুমকির অভিযোগ
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগীর অতিরিক্ত স্বজন ও দর্শনার্থীদের অবাধ প্রবেশের কারণে তাঁদের নিয়মিত দলবদ্ধ হামলা বা ‘মব’-এর মুখে পড়তে হচ্ছে। এ ছাড়া একাধিক ইন্টার্ন চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
তাঁদের দাবি, রোগীর স্বজনদের হুমকির মুখে এক নারী ইন্টার্ন চিকিৎসক সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে কর্মস্থলে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
জরুরি বিভাগ চালু না থাকায় বাড়তি চাপ
ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালের পর্যবেক্ষণ কক্ষ ও জরুরি চিকিৎসা বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এতে চিকিৎসাসেবা পরিচালনা করতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
তাঁদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। ফলে দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবি
ইন্টার্ন ডক্টরস সোসাইটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনকে হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া, রোগী ভর্তির দিন ও পরদিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অবিলম্বে জরুরি চিকিৎসা বিভাগ চালু করা।
সংগঠনটির সভাপতি ডা. এস এম তপু জানান, দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আলোচনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ
তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ওয়ার্ডের চিকিৎসাসেবায় তেমন প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।
তিনি বলেন, সমস্যা সমাধানে হাসপাতালের পরিচালক ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশা করছেন।

