বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আগামী মাসে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরুতে সম্মত পুতিন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে হতে পারে ত্রিপক্ষীয় বৈঠক, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব

ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১০ নভেম্বর বা এর পর যেকোনো সময় নতুন করে এ আলোচনা শুরু হতে পারে। বুধবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ওয়াশিংটনের সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠকের পর এ ঘোষণা আসে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদে প্রায় তিন ঘণ্টা ধরে এ বৈঠক চলে। পুতিনের সঙ্গে এটি উইটকফের নবম সরাসরি বৈঠক।

আবুধাবিতে হতে পারে ত্রিপক্ষীয় আলোচনা

ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন ত্রিপক্ষীয় শান্তি আলোচনা কারিগরি পর্যায়ে অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ বৈঠক হতে পারে।

যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন ও রাশিয়া—উভয় দেশের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা হবে আলোচনার অন্যতম প্রধান বিষয়।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ফেব্রুয়ারিতে সর্বশেষ শান্তি আলোচনা হয়েছিল। এরপর ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

মতপার্থক্য কাটেনি, অসন্তুষ্ট ক্রেমলিন

শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হলেও সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

এর আগের দিন নরওয়ের অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের পাশাপাশি ইউরোপ ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন উইটকফ। ওই আলোচনার ফল নিয়ে ক্রেমলিন পুরোপুরি সন্তুষ্ট নয়।

উইটকফ পুতিনকে জানিয়েছেন, অসলোতে আলোচনায় ‘কিছুটা অগ্রগতি’ হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আলোচনায় ইউক্রেন নতুন কিছু ধারণা ও প্রস্তাব দিয়েছে।

সেন্ট পিটার্সবার্গে বৈঠক শেষে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, “আলোচনার এসব দিক, বলতে গেলে, আমাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।”

যুদ্ধ শেষ করতে ইউক্রেনের ওপর চাপ ট্রাম্পের

নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রতিশ্রুতির দুই বছরেরও বেশি সময় পরও সংঘাত অব্যাহত রয়েছে।

সম্প্রতি ইউক্রেনকে সমঝোতায় পৌঁছাতে চাপ বাড়িয়েছেন ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেন, ইউক্রেনের এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে। তা না হলে দেশটিকে ‘খুব খারাপ পরিণতির’ মুখোমুখি হতে হবে।

এদিকে ইউক্রেন ও তার মিত্রদের মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। অভিযোগ উঠেছে, রাশিয়ার হামলা সম্পর্কে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সরবরাহ মাঝেমধ্যে কমিয়ে দিয়েছে ওয়াশিংটন। এতে ইউক্রেনের সামরিক যোগাযোগব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে।

ইরান ইস্যুতেও সহযোগিতার প্রস্তাব পুতিনের

শান্তি আলোচনা ছাড়াও উইটকফের সঙ্গে বৈঠকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন।

তিনি বলেছেন, তেহরানের সঙ্গে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে এই সম্পর্ক কাজে লাগানোর প্রস্তাব মস্কো আগেও একাধিকবার দিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন উইটকফকে বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব এবং তা প্রয়োজনীয়ও।

এ ছাড়া মার্কিন কৃষকদের সহায়তায় যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সার সরবরাহের প্রস্তাবও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন