অনুসরণ করুন:
বুধবার, ৫ আগস্ট ২০২৬

নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে শিল্পকারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণ এবং ঢাকার চারপাশের নৌপথ পরিবেশগতভাবে সুরক্ষিত রাখতে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে একাধিক শিল্পকারখানায় পরিদর্শন ও বর্জ্য নমুনা সংগ্রহ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা, নামাপাড়া, সস্তাপুর ও কুতুবপুর এলাকার ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে এসব কারখানা থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়।

অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার ফলাফলে পরিবেশ দূষণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই দিনে পরিবেশ অধিদপ্তরের আরেকটি দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার কয়েকটি ওয়াশিং কারখানা পরিদর্শন করে। এ সময় দুটি প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র ও ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) ছাড়া কার্যক্রম পরিচালনা করছে বলে প্রাথমিকভাবে জানা যায়। ওই দুটি প্রতিষ্ঠান থেকেও তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া একই এলাকার আরও কয়েকটি ওয়াশিং কারখানা পরিদর্শনের সময় সেগুলো বন্ধ পাওয়া যায়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সংগৃহীত নমুনার পরীক্ষার মাধ্যমে শিল্পবর্জ্যের মান যাচাই করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিবেশ দূষণে দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নদী, খাল ও অন্যান্য জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় শিল্পকারখানাগুলোর ওপর নিয়মিত নজরদারি, পরিদর্শন ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় আইন মেনে চলা নিশ্চিত করা গেলে নদী দূষণ হ্রাসের পাশাপাশি রাজধানী ও আশপাশের এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন