অনুসরণ করুন:
বুধবার, ২৯ জুলাই ২০২৬

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু, দগ্ধ বন্ধু বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সিয়াম (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাঁর এক বন্ধু গুরুতর দগ্ধ হয়েছেন। আহত ওই তরুণকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার আল-আমিন রোডে একটি আবাসিক ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, অচেতন অবস্থায় দুই তরুণকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সিয়ামকে মৃত ঘোষণা করেন।

নিহত সিয়ামের বাবা সোনা মিয়া জানান, তাঁর ছেলে শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় সিয়াম ও তাঁর এক বন্ধু পাশের একটি ভবনের ছাদে বসে ইয়ারফোনে গান শুনছিলেন। একপর্যায়ে ইয়ারফোনটি ছাদ থেকে নিচে ঝুলে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে সেটি একটি লোহার রড দিয়ে তোলার চেষ্টা করলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরও জানান, পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হলেও তাঁর বন্ধু গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, তাঁদের বাড়ি যাত্রাবাড়ীর কোনাপাড়া মোড়সংলগ্ন আল-আমিন রোড এলাকায়। দুর্ঘটনার পরপরই আহত তরুণের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ঘটনার কারণ এবং বিদ্যুতের তারের অবস্থানসহ সার্বিক বিষয় তদন্ত করে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন