অনুসরণ করুন:
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের শিশু ও কিশোর-কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই ক্রীড়াকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সোমবার রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের এই উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির শক্ত ভিত্তি গড়ে তুলবে।

তিনি বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। তাই তাদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে খেলাধুলাকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে হবে।

ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার ক্রীড়াকে শুধু বিনোদন বা শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না; বরং ভবিষ্যৎ কর্মসংস্থান ও আন্তর্জাতিক সাফল্যের ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে জাতীয় শিক্ষা কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস, কাবাডি, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, সাঁতার ও দাবাসহ একাধিক ডিসিপ্লিনে প্রতিভা বাছাই করা হয়েছে। জাতীয় পর্যায়ে নির্বাচিত ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ এবং বিকেএসপিসহ বিশেষায়িত প্রশিক্ষণ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

দেশজুড়ে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, অভিভাবক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন