রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

কোর্টে প্রতিপক্ষের সঙ্গে ‘গাঁজার গন্ধের’ লড়াই সাবালেঙ্কার

ইউএস ওপেনে এবার প্রতিপক্ষ হিসেবে শুধু কামিলা রাখিমোভার বিপক্ষেই লড়তে হয়নি আরিয়ানা সাবালেঙ্কাকে। ম্যাচ চলাকালে গাঁজার তীব্র গন্ধও অস্বস্তিতে ফেলেছিল নারী এককের শীর্ষ বাছাইকে। এমনকি গন্ধের কারণে সার্ভ করার সময় একাধিকবার মনোযোগ হারিয়ে চেয়ার আম্পায়ারের সহায়তাও চান বেলারুশের এই তারকা।

তৃতীয় রাউন্ডের ম্যাচে রাখিমোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন সাবালেঙ্কা। তবে জয় তুলে নেওয়ার পথটা পুরোপুরি স্বস্তির ছিল না। লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় গেমে সার্ভ করতে গিয়ে বল ওপরে ছুড়ে দিয়েও সেটি আর মারেননি তিনি। বল মাটিতে পড়তে দেন। পরের পয়েন্টেও একই ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে এরপর চেয়ার আম্পায়ারের কাছে অভিযোগ জানান সাবালেঙ্কা। তার দাবি, টেনিস কোর্টে আগে কখনো এতটা তীব্র গন্ধ অনুভব করেননি তিনি।

ম্যাচ শেষে বিষয়টি নিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়ে সাবালেঙ্কা বলেন, ‘আমি জানি না, গন্ধটা দর্শকদের কাছ থেকে আসছিল, নাকি বাইরে থেকে বাতাসের সঙ্গে স্টেডিয়ামে ঢুকছিল। শুধু আশা করি, তারা বিষয়টি নিয়ে একটু বেশি সচেতন হবেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা যা খুশি করতে পারেন, যতটা খুশি আরাম করতে পারেন। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এটা করবেন না। নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করার সময় এই গন্ধ সামলানো একটু কঠিন।’

তবে বিরক্তিকর এই অভিজ্ঞতার পরও সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বেশ রসিকতা করেছেন সাবালেঙ্কা। দর্শকরা তার ম্যাচ আরও উপভোগ করতে এমন কিছু করছেন কি না—এমন প্রশ্নে মজা করে তিনি বলেন, ‘হয়তো (আমার খেলা) খুব দ্রুতগতির, তাই তারা একটু ধীর করতে চাইছে। কে জানে! এর প্রভাব কী, আমি জানি না।’

ইউএস ওপেনে গাঁজার গন্ধ নিয়ে অভিযোগ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে নিক কিরিওস ও মারিয়া সাকারির মতো খেলোয়াড়রাও ম্যাচ চলাকালে একই ধরনের সমস্যার কথা জানিয়েছিলেন। ইউএস ওপেনের ভেন্যু বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারের পেছনে একটি পার্ক থাকায় সেখান থেকে বাতাসের সঙ্গে গন্ধ স্টেডিয়ামে আসতে পারে বলে ধারণা করা হয়।

তবে সাবালেঙ্কার ম্যাচের দিন ইউএস ওপেনের টেনিস কমপ্লেক্সে কোনো দর্শককে ধূমপান করতে দেখা যায়নি। এ ঘটনায় কাউকে ভেন্যু থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেনি।

বিষয়টি নিয়ে ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের (ইউএসটিএ) মুখপাত্র ব্রেন্ডন ম্যাকইনটায়ার বলেন, ‘ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারের বাইরে কী হচ্ছে, তা নিয়ন্ত্রণ করতে পারে না। তবে এই স্থাপনাকে ধূমপানমুক্ত রাখতে আমরা সতর্ক থাকছি।’

তিনি আরও জানান, কেউ ধূমপান করছে—এমন অভিযোগ পেলে নিরাপত্তা ও অতিথিসেবা দলের সদস্যরা ব্যবস্থা নেন। নিউইয়র্কে গাঁজা বৈধ হলেও পার্ক ও টেনিস সেন্টারে কোথায় ধূমপান নিষিদ্ধ, সে বিষয়ে দর্শকদের জানানো হয়।

রাখিমোভার বিপক্ষে জয় নিয়ে সাবালেঙ্কা পরের রাউন্ডে উঠলেও ম্যাচের আলোচনায় তাই ছিল অপ্রত্যাশিত এক ‘প্রতিপক্ষ’—গাঁজার তীব্র গন্ধ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন